মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
Homeবিনোদনচিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন

চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬ ২:০৯

জনপ্রিয় খবর

চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন

দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর দেশের বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (জানুয়ারি ২১, ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

ইলিয়াস জাভেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও চিত্রনায়িকা ডলি চৌধুরী। পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ডলি চৌধুরী জানান, সকালে (বুধবার) হঠাৎ করেই জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। দীর্ঘদিন ধরেই তাঁকে কখনো হাসপাতালে, আবার কখনো বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বাসায় থাকাকালীন সময়েও হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত এসে তাঁর চিকিৎসাসেবা দিচ্ছিলেন।

তিনি বলেন, “আজ সকালে নার্সরা এসে জানান, তাঁর সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

অভিনেতা মিশা সওদাগর বলেন, “জাভেদ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাসা ও হাসপাতালের মধ্যে যাতায়াতের মধ্যেই ছিলেন। আজ সকালে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। খবরটি পেয়ে আমি ভাবীকে ফোন করি। তিনি কাঁদতে কাঁদতে বললেন—‘তোমার ভাই তো আর নাই।’”

জানা গেছে, ক্যান্সারের পাশাপাশি ইলিয়াস জাভেদ এর আগে একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সাল থেকেই তিনি নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।

নৃত্য পরিচালক থেকে চিত্রনায়ক—বর্ণাঢ্য চলচ্চিত্রজীবন
ষাটের দশকে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন ইলিয়াস জাভেদ। তাঁর প্রথম নৃত্য পরিচালিত সিনেমা ছিল কায়সার পাশা পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘মালান’।

এরপর ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই ছবিতে তাঁর নায়িকা ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

দীর্ঘ অভিনয়জীবনে ইলিয়াস জাভেদ প্রায় ২০০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। নব্বইয়ের দশক পর্যন্ত চলচ্চিত্রে তাঁর অভিনয় ছিল নিয়মিত।

জনপ্রিয় গান ও স্মরণীয় সিনেমা
নৃত্য পরিচালক হিসেবেও ইলিয়াস জাভেদের অবদান উল্লেখযোগ্য। তাঁর নৃত্য পরিচালনায় জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘মালকা বানু’ সিনেমার সুপারহিট গান ‘মালকা বানুর দেশেরে’, ‘মনের এ ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে’, ‘চাকভূম চাকভূম চাঁদনী রাতে’—সহ আরও বেশ কয়েকটি স্মরণীয় গান।

অভিনয়ে তাঁর আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি গোলাম’, ‘নরম গরম’, ‘তিন বাহাদুর’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘আজো ভুলিনি’, ‘চোরের রাজা’, ‘জালিম রাজকন্যা’সহ আরও বহু চলচ্চিত্র।

জন্ম ও শুরুর জীবন
ইলিয়াস জাভেদ ১৯৪৪ সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তাঁর পরিবার পাঞ্জাবে বসবাস শুরু করে। ১৯৬৩ সালে তিনি পরিবারসহ পাঞ্জাব ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে চলে আসেন।

বাংলাদেশি চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে ছিলেন ইলিয়াস জাভেদ। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

>> চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ মারা গেছেন


আরও পড়ুন বাংলাদেশ | রাজনীতি | বিনোদন

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights