চাঁপাইনবাবগঞ্জে চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুনে পুড়ল ৪ বাড়ি। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামে মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণ থেকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে লাগা আগুনে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নগদ অর্থ, আসবাবপত্র ও খাদ্যশস্যসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. জিয়াউর রহমানের ঘরে মোবাইল ফোন চার্জে দেওয়া ছিল। হঠাৎ চার্জার থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। ঘরটি টিনশেড ও দাহ্য উপকরণে তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের মো. তারা, মো. তরিকুল ইসলাম ও মোসা. চান্দু বেগমের বাড়িতে। অল্প সময়ের মধ্যেই চারটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় বলে জানা গেছে।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। তদন্ত শেষে সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে গেছে। ভুক্তভোগীদের ভাষ্য, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা। তবে অগ্নিকাণ্ডের সময় সবাই দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে পারায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে চার্জার বিস্ফোরণে ভয়াবহ আগুন, পুড়ল ৪ বাড়ি
◉ আরও পড়ুন রাজনীতি | অর্থনীতি | আন্তর্জাতিক
◉ স্টার কমিউন ইংরেজি সংস্করণ পড়ুন Star Commune






