যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন। ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহরে এ নৃশংস হামলায় খুন হওয়া ওই নারীর নাম নিলুফার ইয়াসমিন (৪২)। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয় কমিউনিটি এবং যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ১৪ মিনিটের দিকে শহরের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি কনভেনিয়েন্স স্টোর ও গ্যাস স্টেশন সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসা সেবা দল। গুরুতর আহত অবস্থায় নিলুফারকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ৪০ বছর বয়সী অভিযুক্ত রলবার্ট জোয়াসিন নামে এক ব্যক্তি হাতে হাতুড়ি নিয়ে প্রথমে দোকানের দরজায় আঘাত করতে থাকেন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় দোকানটি ভেতর থেকে বন্ধ ছিল এবং নিলুফার ভোরের নামাজ আদায় করছিলেন।

ভেতরে ঢুকতে ব্যর্থ হয়ে হামলাকারী বাইরে পার্ক করা একটি গাড়ির কাচ ভাঙচুর শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ রঙের শার্ট, কালো শর্টস, কমলা জুতা ও সাদা ব্যাগপ্যাক পরিহিত ওই ব্যক্তি বারবার গাড়িতে আঘাত করছেন। পরিস্থিতি দেখতে নিলুফার বাইরে বের হলে তিনি হঠাৎ তার ওপর হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী নিলুফারের মাথায় পরপর একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং সকাল ৭টা ২৭ মিনিটের দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর অভিযুক্ত ব্যক্তি উত্তর দিকে পালিয়ে যায়।
হামলার সময় দোকানের ভেতরে স্প্যানিশ ভাষাভাষী আরেক নারী কর্মী ছিলেন, যিনি পরে দোকান মালিককে ঘটনার বিস্তারিত জানান।

দোকানটির মালিক প্রবাসী বাংলাদেশি আরিফ আহমেদ আশরাফ জানান, কয়েকদিন আগে একই ব্যক্তি দোকানে এসে এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন। সঠিক পিন দিতে ব্যর্থ হয়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিলুফারকে গালাগালি করেন। পরে অন্য কর্মীরা পরিস্থিতি সামাল দেন। ঘটনার দিন ভোরে তিনি আবার দোকানে এসে নিলুফারকে খুঁজছিলেন বলেও জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ, ডগ স্কোয়াড ইউনিট এবং লি কাউন্টি শেরিফের এভিয়েশন ইউনিটের সহায়তায় এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়।
পরে বিকেল প্রায় ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে জোয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোনো প্রতিরোধ ছাড়াই আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে এবং তাকে লি কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি স্থায়ী ঠিকানাবিহীন এবং মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েক মাস আগে সংঘটিত একটি অমীমাংসিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিলুফার ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দুই মেয়েকে নিয়ে ফোর্ট মায়ার্সে বসবাস করছিলেন। তার দুই মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। দীর্ঘদিন মিয়ামিতে থাকার পর সম্প্রতি তিনি ফোর্ট মায়ার্সে আসেন এবং প্রায় ছয় মাস ধরে ওই দোকানে কর্মরত ছিলেন। তার স্বামী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
তিনি কুশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ উদ্দিন মানিকের বোন।
এদিকে, সিসিটিভিতে ধারণ করা হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা অত্যন্ত মর্মান্তিক ও বীভৎস।

ইয়াসমিনের মৃত্যুতে লক্ষ্মীপুরে থাকা পরিবারসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফোর্ট মায়ার্সের বাসিন্দারাও এমন নৃশংস ঘটনায় গভীর আতংক ও বিস্ময় প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।
▷▶ এক নজরে ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যাকান্ড
◉ ভিক্টিম: নিলুফার ইয়াসমিন (৪২), লক্ষ্মীপুরের বাংলাদেশি প্রবাসী, সুপারশপ কর্মী
◉ অভিযুক্ত: রলবার্ট জোয়াসিন (৪০), হাতুড়ি হামলার অভিযুক্ত, হত্যার অভিযোগে গ্রেপ্তার
◉ ঘটনাস্থল: ডি অ্যান্ড ডি কনভেনিয়েন্স স্টোর, ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড, ফোর্ট মায়ার্স, ফ্লোরিডা
◉ সময়: বৃহস্পতিবার (২ এপ্রিল), স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৩০ মিনিট
◉ থানা: ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ

▷▶ ঘটনার সংক্ষিপ্ত টাইমলাইন
◉ ঘটনার কয়েক দিন আগে:
অভিযুক্ত রলবার্ট জোয়াসিন দোকানে এসে এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নিলুফারকে গালাগালি করে এবং ক্ষিপ্ত আচরণ করে।
◉ ২ এপ্রিল, ভোর (ঘটনার আগে):
নিলুফার দোকান খুলে ভেতর থেকে দরজা বন্ধ করে নামাজ আদায় করছিলেন। এ সময় অভিযুক্ত আবার দোকানে এসে তাকে খুঁজতে থাকে।
◉ সকাল আনুমানিক ৭:১৪–৭:২০:
অভিযুক্ত দোকানের দরজায় হাতুড়ি দিয়ে আঘাত করে ঢোকার চেষ্টা করে। ব্যর্থ হয়ে বাইরে পার্ক করা একটি গাড়ি ভাঙচুর শুরু করে।
◉ সকাল আনুমানিক ৭:২০–৭:২৭:
নিলুফার বাইরে বের হলে অভিযুক্ত তার ওপর হামলা চালায় এবং মাথায় একাধিকবার আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
◉ সকাল (ঘটনার পরপর):
পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। আশপাশে অভিযান শুরু হয় এবং কয়েকটি স্কুলে লকডাউন জারি করা হয়।
◉ বিকেল (প্রায় ৩টা):
ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
◉ বর্তমান অবস্থা:
অভিযুক্ত কারাগারে রয়েছে। হত্যার উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি, তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন
◉ আরও পড়ুন রাজনীতি | অর্থনীতি | আন্তর্জাতিক
◉ স্টার কমিউন ইংরেজি সংস্করণ পড়ুন Star Commune






