শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeজাতীয়ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয়

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয়

প্রকাশ: আগস্ট ২৬, ২০২৫ ৪:১২

জনপ্রিয় খবর

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয়

মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টির সত্যতা নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভ্রান্ত ও যাচাই করা নয়, এমন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

‘বাংলাদেশের প্রাণিসম্পদ খাত শুধু মাংস উৎপাদনেই সীমাবদ্ধ নয়; এটি নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান, দারিদ্র্য নিরসন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি এবং ৬ লাখের বেশি মৌসুমি খামারি কোরবানির ঈদ উপলক্ষ্যে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করে। দেশের শতভাগ কোরবানির পশুর চাহিদা দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ দেওয়া, উৎপাদন উপকরণ বিতরণ, বাজার সংযোগ এবং ভ্যালু চেইন উন্নয়নের কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি দেশীয় গবাদিপশুর জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, টিকা সরবরাহ ও পশু চিকিৎসা সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাকে আরও টেকসই ও সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

‘মাংস একটি অতি-পচনশীল প্রাণিজাত পণ্য, যার গুণগতমান ও নিরাপদতা বজায় রাখতে প্রক্রিয়াজাত থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত কার্যকর কোল্ড চেইন অবকাঠামো অপরিহার্য। বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন হিমায়িত মাংস সংরক্ষণ ও পরিবহন অবকাঠামো যথাযথভাবে গড়ে ওঠেনি। কোল্ড চেইনের দুর্বলতা মাংসের গুণগতমান নষ্ট করে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় হুমকি তৈরি করতে পারে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, দেশীয় খামারি ও উদ্যোক্তাদের বিপুল বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারের নীতিগত সহায়তায় বাংলাদেশ মাংস উৎপাদন স্বয়ংসম্পূর্ণ পর্যায়ে পৌঁছেছে। সরকার এ খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে এরইমধ্যে রোগমুক্ত অঞ্চল তৈরির কার্যক্রম শুরু করেছে। এ অবস্থায় বিদেশ থেকে মাংস আমদানি প্রাণিসম্পদ খাতের উন্নয়নকে ব্যাহত করবে। একইসঙ্গে ক্ষুরারোগ, ল্যাম্পি স্কিন ডিজিস, পিপিআর, তড়কা, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, ব্রুসেলোসিসসহ সালমোনেলা ও ই-কোলাইয়ের মতো জীবাণুগুলো বাংলাদেশে অণুপ্রবেশের সম্ভাবনা রয়েছে, যার ফলে জনস্বাস্থ্য ও প্রাণিস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে পড়তে পারে।

বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দেশীয় খামারিদের স্বার্থরক্ষা এবং জনগণকে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহে অঙ্গীকারবদ্ধ। এ মুহূর্তে বিদেশ থেকে মাংস আমদানির কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েনি বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights