বুধবার, অক্টোবর ৭, ২০২৬
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বাংলা সিনেমায় অভিনয় করতে চান সালমান খান

0

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বাংলা সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন বলিউড ভাইজান সালমান খান।

সম্প্রতি প্রথমবারের মত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির হয়। অনুষ্ঠানে হাজির হয়ে অবাকও হন এ বলিউড সুপারস্টার।

সালমান খান জানান, তার ধারণা ছিল না কলকাতায় এত বড় মাপে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এমনকী এই চলচ্চিত্র উৎসব যে ইংরাজিতে ছোট করে (KIFF) বলা হয়, তাও অজানা ছিল এই সুপারস্টারের। তিনি ভেবেছিলেন (KISS) লেখা আছে। তবে ছোট করে যা-ই বলা হোক, কলকাতা থেকে যে তিনি প্রচুর ভালোবাসা পেয়েছেন, তা বলতে দ্বিধা করননি তিনি।

সালমান খান বলেন, মোট ২৩টি জায়গায় সিনেমা প্রদর্শন হবে। সত্যিই আমার ধারণা ছিল না এখানে এত বড় করে চলচ্চিত্র উৎসব হয়। কিছু কিছু বিষয়ে মানুষের লেখাপড়া বা জ্ঞান কম থাকে। আমারও তাই ছিল। আমায় ক্ষমা করবেন।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন সালমান খান। সেই সঙ্গে বাংলা সিনেমাতে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তাই রসিকতায় জমে ওঠে উদ্বোধনী মঞ্চ।

এর আগে ‘এবার আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সুপারস্টার সালমান খান’- উৎসবের উপস্থাপিকা জুন মালিয়া এবং চূর্ণি গঙ্গোপাধ্যায়ের এই ঘোষণার পরই হাততালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম।

কিন্তু বক্তব্য পেশ করতে এসেই বিরক্তি প্রকাশ করেন বলিউড ভাইজান! আবার পড়ে ক্ষমাও চান ভাইজান! হঠাৎ কী এমন হল ভাইজানের? মজার ছলেই এমনটা করেছেন সালমান খান। তিনি বলেন, সবাই তো সবকিছু বলে ফেলল। অনিল কাপুর, শত্রুঘ্নজি, সোনাক্ষী, সৌরভ। আমি আর কী বলব? একই কথা কি আবার বলব? একদম না। তাহলে চলে যাচ্ছি, নমস্কার।

কিন্তু সালমানের কথা শুনতেই তো বসেছিলেন দর্শকরা। তাই এমনটা বলেই কি আর চলচ্চিত্রের মঞ্চ ছাড়া যায়? না, এরপর বেশ খানিকক্ষণ নানা বিষয় নিয়েই কথা বলেন ভাইজান।

আচরণবিধি লঙ্ঘন করায় ৭৫ প্রার্থীকে শোকজ

0

বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্রসহ ৭৫ জন প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে কিছু প্রার্থীকে একাধিকবার শোকজ করা হয়েছে। আবার কোনো কোনো প্রার্থীর শোকজের জবাব সন্তোষজনক নয় বলেও জানিয়েছে কমিশন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে। এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ২৯টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে এক হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং বাকি ৭৩১ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করে কমিশন।

ভোটের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আগারগাঁও নির্বাচন ভবনে মনোনয়নপত্র বিষয়ে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন।

আপিল আবেদন গ্রহণের জন্য আগারগাঁও নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। এসব বুথে থাকা ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আপিল আবেদনের শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন, আপিলের পর রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শাহজাহান ওমরের সমর্থনে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

0

আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বহিষ্কার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের সমর্থনে দলটির শতাধিক নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভূট্টো ও সদস্য সচিব জাকির হোসেন।

তাদের নেতৃত্বে কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন।

ইসির নিবন্ধন পাচ্ছে ২৯ পর্যবেক্ষক সংস্থা

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পেতে যাচ্ছে ২৯টি পর্যবেক্ষক সংস্থা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এরপর যেসব আবেদন জমা হয়েছে সেগুলো যাচাই-বাছাই শেষে ২৯টি সংস্থাকে নিবন্ধন দিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে প্রাথমিকভাবে নির্বাচিত সংস্থাগুলো নিয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে। অভিযোগ নিষ্পত্তির পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত সংস্থাগুলো হলো-
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নীড় (স্রাবন), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি), তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা),পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থুল অব দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ) ও বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (আসেস), আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নীডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।

এর আগে, ৬৭টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয়। এসব সংস্থাগুলো ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। নতুন করে ২৯টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেলে মোট সংস্থার সংখ্যা দাঁড়াবে ৯৬টি।

নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র

0

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনুমান বা ভাবনা-চিন্তা নেই যুক্তরাষ্ট্রের। তবে, দেশটি বাংলাদেশের জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো অব্যাহত রাখবে।

স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে একজন প্রশ্ন করার সময় বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজন করছে-২০ হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে আটক, হেফাজতে মৃত্যু বাড়ছেই-ছয় দিনে তিন বিরোধী কর্মী মারা গেছে, টার্গেট ব্যক্তিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে, (নির্বাচনে নিজেদের) জয় নিশ্চিত করতে নতুন কিংস পার্টিকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করছে?’

জবাবে মিলার বলেন, ‘আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি সেটিই বলব যা আমরা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের (স্টেকহোল্ডার) সঙ্গে জড়িত থেকে তাদের বাংলাদেশি জনগণের স্বার্থে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে থাকব।’

তাণ্ডব চালিয়ে রাতে দুর্বল হবে মিগজাউম

0

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে যাচ্ছে। এটি ধীরে ধীরে শক্তিক্ষয় করে রাতের মধ্যেই দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে রাজধানী ঢাকায় মেঘলা আকাশসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী শশী কান্ত জানিয়েছেন, মিগজাউম অন্ধ্র প্রদেশের স্থলভাগে উঠে আসছে। এটি ধীরে ধীরে শক্তিক্ষয় করবে। মঙ্গলবার রাতের মধ্যই এটি নিম্নচাপে পরিণত হবে।

বাংলাদেশের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়া কবির জানিয়েছেন, বুধবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে বলেও জানান তিনি।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টিবজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সে-সময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর সংক্ষুব্ধ থাকায় সকল সমুদ্রবন্দরে দুই নম্বর সংকেত বহাল রাখা হয়েছে। এজন্য সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চেন্নাইয়ের অনেক আবাসিক এলাকা। বৃষ্টিপাতের কারণে চেন্নাইয়ে সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুরু

0

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে অস্থায়ী ক্যাম্পে এই আপিল আবেদন শুরু হয়। যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। তার পর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে আপিল করার জন্য।

এর আগে গতকাল সোমবার (৪ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তিসংক্রান্ত নোটিশ জারি করে ইসি।

ইসি জানায়, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোন প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হলে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যেই আপিল করতে হবে। অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে আপিল দায়ের করতে পারবেন। সঙ্গে আপিলের মূল কাগজপত্র এক সেট ও ছায়ালিপি ছয় সেট জমা দিতে হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২। এ ছাড়া ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

জলবায়ু বিষয়ে পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ১৪ দলের অভিনন্দন

0

এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী ও  আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ১৪ দল।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার পর গণভবনে ১৪ দলের বৈঠক হয়। বৈঠকে শুরুতে ১৪ দলের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার (০৩ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব এবং সোচ্চার কণ্ঠস্বরের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান প্রধানমন্ত্রী। তাকে এ পুরস্কারে ভূষিত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।

গত ০১ ডিসেম্বর দুপুরে দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলন-কপ ২৮ এর সাইড-লাইনে একটি উচ্চস্তরের প্যানেল অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস এবং আইওএমের মহাপরিচালক অ্যামি পোপের কাছ থেকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জলবায়ু গতিশীলতার বিষয়টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার মূলধারায় আনার এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ক্লাইমেট মোবিলিটি সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুজনিত কারণে বাধ্য হয়ে অভিবাসন এবং বাস্তুচ্যুতির দিকটি বিশ্ব নেতাদের তীক্ষ্ণ দৃষ্টিতে নিয়ে আসেন।

বাংলাদেশ গত কয়েক বছর ধরে ঢাকায় আইওএমের সহযোগিতায় আয়োজিত দুটি সংলাপ এবং গতবছর মিশরের শার্ম এল শাইখে কপ২৭ এ বিষয়টি তুলে ধরেছে বলে জানান হাছান মাহমুদ।

একই সঙ্গে কক্সবাজারে বাস্তুচ্যুত চার হাজার ৪০০ পরিবারকে পুনর্বাসনের জন্য বিশ্বের বৃহত্তম বহুতল সামাজিক আবাসন প্রকল্প নির্মাণসহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদ্যোগের নানা দিক তুলে ধরেন তিনি।

পুরস্কার দেওয়া গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থাটি জাতিসংঘ, আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা এবং উন্নয়ন অর্থ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতায় জলবায়ু গতিশীলতা মোকাবিলায় সহযোগিতামূলক বিস্তৃত সমাধানের জন্য কাজে ব্যাপৃত রেখেছে।

মনোনয়নপত্র বাছাই শেষ, আপিল শুরু মঙ্গলবার

0

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল থেকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আপিল আবেদন গ্রহণ শুরু হবে।

সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) দায়ের করতে পারবেন।

এজন্য নির্বাচন ভবনে দেশের ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে। সেখানে নিয়োজিত ১০ জন কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১০০টি করে আপিল আবেদন ক্রমানুসারে নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।

আপিল আবেদনের শুনানি শেষে ফলাফল মনিটরে দেখা যাবে। আপিলের পর রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল একাউন্টে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া, আপিল রায়ের অনুলিপি সিডিউল মোতাবেক নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে (উল্লেখ্য, নামঞ্জুর আপিলের রায় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে)।

এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ২ হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৪ ডিসেম্বর বিকেল ৪টায় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি রোববার।

সারাদেশে বৈধ প্রার্থী ১৯৮৫, বাদ ৭৩১

0

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা বাতিলের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ লক্ষ্যে ইসিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা আলাদা বুথ করেছে সংস্থাটি।

বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান বলেন, প্রার্থিতা বাতিলের অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, রাজনৈতিক দলগুলো যে কয়টি আসনে প্রার্থী দিয়েছে তা হলো- আওয়ামী লীগ ২৯৮টি (পাঁচটি আসনে দুটি করে মনোনয়ন জমা দেয় দলটি), জাতীয় পার্টি ২৮৬টি (১৮টি আসনে দুইটি করে দলীয় মনোনয়ন জমা দিয়েছে দলটি), তৃণমূল বিএনপি ১৫১টি, জাসদ ৯১টি, ইসলামী ঐক্যজোট ৪৫টি, জাকের পার্টি ২১৮টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭টি, গণফ্রন্ট ২৫টি, গণফোরাম ৯টি ও জমিয়তে ইসলাম বাংলাদেশ ১টি।

আরও রয়েছে, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২টি, বাংলাদেশ মুসলিম লীগ ২টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ০৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি ৬টি, বিকল্প ধারা বাংলাদেশ ১৪টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল ৫টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ ৫৫টি, বাংলাদেশ কংগ্রেস ১১৬টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ৪৯টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪৭ জন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২। এ ছাড়া ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

Verified by MonsterInsights