শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
Homeখেলাবাংলাদেশ দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাথুরুসিংহে

বাংলাদেশ দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাথুরুসিংহে

প্রকাশ: মে ১৫, ২০২৪ ৬:৫১

জনপ্রিয় খবর

বাংলাদেশ দলের প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ হাথুরুসিংহে

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ভরদুপুরে হয়ে যাওয়া ফটোসেশনের দৃশ্য দেখেই দলের আবহটা বোঝা যাচ্ছিল।

ফটোসেশন শেষে কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেনের সংবাদ সম্মেলনেও সে আবহ ছিল। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দল তাদের প্রস্তুতিতে সন্তুষ্ট, এ কথা দুজনই বললেন বারবার। হাথুরুসিংহে বেশ আত্মবিশ্বাস নিয়েই বললেন, ‘প্রস্তুতি আমার মনে হয় ভালো হয়েছে। চট্টগ্রামে ভালো ক্যাম্প হয়েছে। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটা ম্যাচ পেয়েছি। যেখানে আমরা অনেককেই ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলিয়ে দেখেছি। কিছু দুশ্চিন্তা আছে কয়েকজনকে নিয়ে। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’

আর প্রত্যাশা? এ নিয়ে হাথুরুসিংহে খুব বড় কিছুর কথা বললেন না, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি, আইসিসি ইভেন্টের বাইরে। আমিও জানি, দেশের প্রত্যাশা আছে বড় কিছু করার। আমাদেরও তা–ই। প্রথম লক্ষ্য হচ্ছে, গ্রুপ পর্ব পার করা। বাকিটা তখন দেখা যাবে।’ তবে ভালো করার বিষয়টা অনেকাংশে নির্ভর করবে কন্ডিশনের ওপর, ‘আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্যই নতুন অভিজ্ঞতা। আমাদের টাইমজোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো দু-একটি সমন্বয়ও চেষ্টা করব। তার মানে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া…।’

সংবাদ সম্মেলন যেহেতু কোচ ও অধিনায়কের, বিশ্বকাপ দলের আলোচ্য বিষয় মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসানের মধ্যে তানজিমকে সুযোগ দেওয়ার বিষয়টিও এসেছে। এ ব্যাপারে হাথুরুসিংহকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব (তানজিম) একটু জোরে বল করে। সাইফউদ্দিনের চেয়ে জোরে। দুজনকে বিভিন্ন অবস্থায় সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে লম্বা সময় ধরে আছে। তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।’

একই প্রসঙ্গে নাজমুলের উত্তর ছিল এমন, ‘দল নির্বাচন নিয়ে আমরা সবাই অনেক আগে থেকে আলোচনা করছিলাম। শুধু জিম্বাবুয়ে সিরিজ নয়; এর আগেও। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত এটা। আর সাকিব-সাইফউদ্দিন, যেটা কোচও বলেছেন, সাকিবের পেসটা বেশি। আমি ডিটেইল বলতে চাই না। তবে খুব ক্লোজ ছিল।’ রানে না থেকেও লিটন দাসকে দলে রাখা নিয়ে নাজমুল তাঁর ব্যাখ্যায় বলেছেন, ‘লিটন আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কয়েকটা সিরিজ খারাপ গিয়েছে। তবে আমরা নতুন কাউকে এখন চাইনি। অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছি। আশা করছি, সে ভালোভাবে ফিরবে।’

বিশ্বকাপ নিয়ে অধিনায়কের প্রত্যাশার প্রসঙ্গেও জানা কথাটা বলেছেন নাজমুল, ‘বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে। আমিও করব। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে এগোই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে।’

পরে আরেক প্রশ্নের উত্তরে যোগ করেন, ‘আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে ওই দিনে ভালো খেলাটা জরুরি। আশা করছি, এবার সবাই সেটা করবে।’

আরও পড়ুন

জনপ্রিয় খবর

spot_img
Verified by MonsterInsights